১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

প্রতিমন্ত্রীর নামে ফোনকল, সতর্ক করল স্থানীয় সরকার মন্ত্রণালয়

প্রতারণামূলক ফোনকলে বিভিন্ন প্রলোভন দেওয়া হচ্ছে, বলছে মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রীর নামে ফোনকল, সতর্ক করল স্থানীয় সরকার মন্ত্রণালয়
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 09:14 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল করা হচ্ছে বলে সতর্ক করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

শুক্রবার এ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়ন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি ০১৮২৬০৯৫৩১৮ নম্বর থেকে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে কিংবা তার আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তার কাছে ফোন করা হচ্ছে। এসব ফোনকলে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে ব্যক্তিগত বা প্রশাসনিক সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে।”

মন্ত্রণালয় বলছে, প্রতিমন্ত্রী বা তার দপ্তরের পক্ষ থেকে এ ধরনের কোনো ফোনকল বা ব্যক্তিগত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় না। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ প্রতারণামূলক ও আইনত দণ্ডনীয় অপরাধ।

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করে জিডি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

সবাইকে ওই নম্বরসহ এ ধরনের ফোনকল বা প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।