Published : 09 Aug 2026, 02:28 PM
আদিবাসী ধাত্রীর গুরুত্ব বিবেচনায় প্রসবকালীন সেবা সংক্রান্ত প্রশিক্ষণের জন্য আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রোববার এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যসেবায় অধিকারভিত্তিক পদ্ধতি এগিয়ে নিতে জাতিসংঘ সদস্য দেশ ও আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে কাজ করছে জানিয়ে সংস্থার মহাসচিব বলেন, “স্বাস্থ্যসেবা ব্যবস্থায় যে তথ্যের ঘাটতি আদিবাসী রোগীদের অনেক সময় অদৃশ্য করে রাখে, তা দূর করতে সরকারগুলোকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে।
“পাশাপাশি ধাত্রী ও প্রসবকালীন সেবায় প্রশিক্ষণের জন্য আরও বিনিয়োগ করতে হবে।”
আদিবাসী নারীরা যেন নিজের শরীর ও স্বাস্থ্যসেবা নিয়ে জেনে-বুঝে সিদ্ধান্ত নিতে পারেন, সেই অধিকারও নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
বিভিন্ন গবেষণার বরাতে আন্তোনিও গুতেরেস বলেন, “আদিবাসী ধাত্রীরা মা ও শিশুর সুরক্ষা নিশ্চিত করেন, স্বাস্থ্যসেবায় আস্থা বাড়ান এবং চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখেন।
“জ্ঞান ও অভিজ্ঞতার ভাণ্ডার হিসেবে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে আদিবাসী সংস্কৃতিকে টিকিয়ে রাখা ভাষা, মূল্যবোধ ও চর্চাগুলোকেও সংরক্ষণ করেন।”
জাতিসংঘ মহাসচিব বলেন, “আদিবাসীরা বিশ্বের মোট জনসংখ্যার ৬ শতাংশের বেশি। তারা সাংস্কৃতিক ঐতিহ্যের অভিভাবক, গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্রের রক্ষক এবং আমাদের যৌথ ভবিষ্যৎ গঠনে অপরিহার্য ভূমিকা পালন করে থাকেন।
“তবুও বিশ্বজুড়ে তাদের অধিকার ও কল্যাণ অসম হুমকির সম্মুখীন। এর মধ্যে কিছু প্রকটতম বিষয় মাতৃ ও শিশু স্বাস্থ্য সম্পর্কিত; আদিবাসী নারীদের মধ্যে সন্তান জন্মদানজনিত জটিলতা ও মৃত্যুর হার সাধারণ জনগোষ্ঠীর তুলনায় অনেক বেশি। এ কারণেই আন্তর্জাতিক আদিবাসী দিবসে জাতিসংঘ আদিবাসী ধাত্রীদের ভূমিকাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।”
গুতেরেস বলেন, “ঐতিহ্যবাহী জ্ঞান নতুন জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আদিবাসী ধাত্রী ও তারা যেসব জনগোষ্ঠীর সেবা দেন, তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”