১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রোববার কর্মবিরতির ঘোষণা ২৫ ক্যাডারের

"একই কাজ প্রশাসন ক্যাডারে হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি”, অভিযোগ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2025, 12:11 AM

Updated : 26 Aug 2026, 11:55 AM

বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে রোববার সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছে ২৫টি ক্যাডারের সম্মিলিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

শনিবার রাতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মুহম্মদ মফিজুর রহমান।

তিনি বলেন, "ফেসবুকে লেখালেখির মত কারণে সম্প্রতি ২৫ ক্যাডারের ১৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারে হলেওে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

“বৈষম্যপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থা কাজে লাগিয়ে প্রশাসন ক্যাডার ২৫ ক্যাডারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এমন ব্যবস্থা গ্রহণ করেছে।”

মফিজুর রহমান বলেন, বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে রোববার তারা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন। এছাড়া এ দিন সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টা কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ অবস্থান নেবেন।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের বৈঠক হয় রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের সম্মেলন কক্ষে।

পরে সংগঠন থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মুহম্মদ মফিজুর রহমান বলেন, "সংস্কার কমিশনের প্রতিবেদন পুরো বাস্তবায়ন হলে রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হবে।"

তিনি বলেন, “জনপ্রশাসন সংস্কার কমিশনে ২৫টি ক্যাডারের পক্ষ থেকেই পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং উপসচিব পদে কোটা বাতিলের প্রস্তাব করা হয়েছিল। সমাজের বিভিন্ন স্তর থেকেও একই আহ্বান এসেছে। 

“কিন্তু জনদাবি উপেক্ষা করে সংস্কার কমিশনের প্রতিবেদনে ক্ষমতাধর একটি গোষ্ঠীর নিরঙ্কুশ ক্ষমতা আরও বাড়ানোর প্রয়াস লক্ষ্য করা গেছে।”