Published : 06 May 2026, 09:51 PM
রাজধানীবাসী বুধবার সন্ধ্যায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির দেখা পেয়েছে; রাতের দিকেও এ অবস্থা থাকতে পারে। তবে এ সময় তীব্র কালবৈশাখীর সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এ সময় ঢাকায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কালবৈশাখী বলতে যে তীব্র ঝড়ো হাওয়া (ঘণ্টায় ৯০ কিলোমিটার বা তার বেশি) বোঝানো হয়, ঢাকায় সে ধরনের পরিস্থিতির সম্ভাবনা নেই। আজ কিছু সময় বৃষ্টি থাকতে পারে।”
তিনি বলছেন, আগামী চার থেকে পাঁচ দিন ঢাকায় বৃষ্টিপাত খুব বেশি হবে না এবং এ সময় আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ আবহাওয়াবিদ বলেন, “ঢাকায় আপাতত কয়েকদিন তাপমাত্রা খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। দিনে তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং এ সময়ে কোনো তাপপ্রবাহের সম্ভাবনাও কম।”
বুধবার সর্বোচ্চ তাপমাত্রা নথিবদ্ধ করা হয়েছে যশোরে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ম তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে তেঁতুলিয়ায় ২০ ডিগ্রি সেলসিয়াস।
দেশের অন্যান্য অঞ্চলের বৃষ্টিপাতের সম্ভাবনা বিষয়ে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। তবে পশ্চিমাঞ্চলে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে।
বুধবার বিকাল সাড়ে ৫টা রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, টাংগাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকায় কালবৈশাখীর শঙ্কা না থাকলেও নদীবন্দরের জন্য কেন সতর্কবার্তা, এ বিষয়ে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, “নদীতে খোলা পরিবেশ থাকায় এবং কোনো বাধা না থাকায় বাতাসের গতি বেশি থাকে। তাই নৌযানগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে এই সতর্কবার্তা দেওয়া হয়।”
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ অন্যান্য বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তবে পরের পাঁচ দিন পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।