Published : 27 Apr 2026, 02:05 PM
মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর হাই কোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা।
বিচারপতি জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
আমির হামজার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির; সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সাদ্দাম হোসেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আশিকুজ্জামান নজরুল, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন।
মো. আশিকুজ্জামান নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানহানির মামলায় আমির হামজাকে ৮ সপ্তাহ অথবা পুলিশ প্রতিবেদন, যেটা আগে আসে, ওই সময় পর্যন্ত আগাম জামিন দিয়েছেন আদালত।”
সকালে সশরীরে হাই কোর্টে উপস্থিত হয়ে জামিন নেন আমির হামজা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ও বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ বলায় গেল ২ এপ্রিল সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পিপি হুমায়ুন কবির কর্ণেল মামলা করেন।
হুমায়ুন কবির কর্ণেল বলেছিলেন, “মুফতি আমির হামজা সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে নাস্তিক বলেছেন। যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। এতে আমরা ক্ষুব্ধ হয়েছি। যে কারণে ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করা হয়। সমন জারির পরও আসামি আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।”
এর আগে ৩০ মার্চ একই অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকা মানহানির মামলা করেছেন। পিবিআই মামলাটি তদন্ত করছে।
জ্বালানিমন্ত্রীকে ‘নাস্তিক’ বলার মামলায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা