১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ই-ক্যাবের ২৬ জুলাইয়ের নির্বাচন স্থগিত হাই কোর্টে

আগামী ২৬ জুলাই এ নির্বাচন হওয়ার কথা ছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 05:23 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

অনলাইন বাণিজ্য উদ্যোক্তাদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিত করেছে হাই কোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এ আদেশ দেয়।

আগামী ২৬ জুলাই এ নির্বাচন হওয়ার কথা ছিল।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম খলীলুল্লাহ কাসেম ও তরিকুল ইসলাম।

ই-ক্যাবের আনোয়ার সাদৎ নামে এক ভোটার নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদনটি করেন। 

আইনজীবী এ কে এম খলীলুল্লাহ কাসেম বলেন, গত ২০ জুলাই ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, গত ৩১ মে ই-ক্যাব নির্বাচন হওয়ার কথা থাকলেও ১৪ মে এক চিঠিতে নির্বাচন স্থগিত করে ই-ক্যাবের নির্বাচন বোর্ড। 

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।