১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর রিটের শুনানি হয়নি

একজন বিচারক অসুস্থ থাকায় বুধবার বসেনি হাই কোর্ট বেঞ্চ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2024, 12:30 PM

Updated : 26 Aug 2026, 10:07 AM

আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা এবং কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে মুক্তির আদেশ চেয়ে রিট আবেদনের গ্রহণযোগ্যতার শুনানি হয়নি বিচারকের অসুস্থতার কারণে।

বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাই কোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা ছিল।

আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন; তাই কোর্ট বসেনি।

গত দুদিন শুনানির পর বুধবারও শুনানির জন্য ছিল আবেদনটি। সকাল থেকে আইনজীবী ও সাংবাদিকরা আদালতে এসে ভিড় করতে থাকেন। কোর্ট ওঠার সময় হলে জানানো হয়, বেঞ্চের জুনিয়র বিচারপতি ছুটিতে আছেন। এ কারণে ডিভিশন বেঞ্চ বসছেন না।

রিটের পক্ষে শুনানির জন্য আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সারা হোসেন, অ্যাডভোকেট অনীক আর হক, অ্যাডভোকেট মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী।

আন্দোলনকারীদের ওপর গুলি না চালানো এবং কোটাবিরোধী আন্দোলনের ছয়জন সমন্বয়কারীর ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে এ রিট আবেদন করেন আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি।

মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধানসহ সংশ্লিষ্টদের সেখানে বিবাদী করা হয়েছে।