Published : 24 Aug 2026, 01:43 PM
চব্বিশের জুলাই আন্দোলনের সময় ঢাকার গুলশানে ভ্যানচালক আব্দুল জব্বারকে হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।
প্রসিকিউশন পুলিশের এসআই মোক্তার হোসেন এ তথ্য দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম গত ১৮ অগাস্ট তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন দেন।
এদিন শুনানিতে নজরুল ইসলাম মজুমদারকে আদালতে হাজির করা হয়।
এসআই আব্দুস সালাম বলেন, "নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে ভুক্তভোগী জব্বার আলীকে হত্যার উদ্দেশ্যে আসামিদের গুলির নির্দেশ দেওয়া ও আর্থিক সহায়তা করার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।"
পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। এরপর নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহাজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলন চলছিল।
“এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ওপর গুলি চালায়। এতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ২০২৪ সালের ১১ ডিসেম্বর জব্বার আলী হাওলাদার বাদী হয়ে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়।”
২০২৪ সালের ১ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলাম মজুমদারকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।