এক্সপ্রেসওয়ের বিমানবন্দর টোলপ্লাজা বৃহস্পতিবার চার ঘণ্টা টোলমুক্ত
বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা টোলমুক্ত থাকবে।
তারেক রহমানের দেশে ফেরার দিন বৃহস্পতিবার ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা চার ঘণ্টার জন্য টোলমুক্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, “বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা সাধারণের জন্য টোলমুক্ত থাকবে।”
প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতে পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় বড় আয়োজন করছে বিএনপি।
বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তারেক রহমান ৩০০ ফুট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন। পরে সেখান থেকে যাবেন বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে, যেখানে তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভর্তি আছেন।
তারেক রহমানের দেশে ফেরার দিন বিমানবন্দরের আশপাশের কিছু এলাকার তৈরি পোশাক কারখানায় ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছে বিজিএমইএ।
