১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জেলাভিত্তিক হচ্ছে সব হাই-টেক পার্কের নাম

নামকরণের বিষয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে আওয়ামী লীগ সরকারের মতো তাড়াহুড়ো করার দরকার নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2024, 04:51 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

দেশের সব হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের জেলাভিত্তিক নামকরণের সিদ্ধান্ত দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বুধবার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির ৩২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সভায় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “যে উদ্দেশ্য নিয়ে দেশব্যাপী হাই-টেক পার্ক তৈরি করা হয়েছিল, সেই অনুযায়ী প্রত্যাশিত ফল আমরা পাইনি। না পাওয়ার ক্ষেত্রে কতটুকু রাজনৈতিক কারণ ছিল, কী পরিমাণ দুর্নীতি ছিল বা আমাদের সক্ষমতার মধ্যে কোনো ঘাটতি ছিল কিনা, সে বিষয়ে আরও পর্যালোচনা করা প্রয়োজন।

“এই বিষয়গুলো চিহ্নিত করা গেলে সামনের দিকে কাজ করা সহজ হবে। এক্ষেত্রে বাইরের দেশগুলো কীভাবে কাজ করছে এবং আমাদের সক্ষমতার মধ্যে কীভাবে আমরা কাজ এগিয়ে নিতে পারি সেই বিষয়গুলো নিয়ে আরো স্টাডি করা প্রয়োজন। পাশাপাশি খুব বড় প্রত্যাশা না রেখে প্র্যাকটিক্যাল কাজগুলো করা দরকার।”

সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মুগ্ধ, আবু সাঈদসহ আরো কয়েকজনের নামে হাই-টেক পার্কের ডরমেটরির নামকরণের প্রস্তাব করা হলে উপদেষ্টা বলেন, “এ বিষয়ে আওয়ামী লীগ সরকারের মতো তাড়াহুড়ো করার দরকার নেই। আন্দোলনে শহীদদের স্মৃতি এমনভাবে ধারণ করা হবে, যাতে সেগুলো সারাজীবন থাকে।”

সভায় যশোরে অবস্থিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানিকে (পিএমসি) অব্যাহতি দিয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে নতুন পিএমসি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।

কারওয়ান বাজারের জনতা টাওয়ারে বর্তমানে যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের বকেয়া ভাড়া পরিশোধ এবং তাদেরকে রেখেই টাওয়ারটি সংস্কার করা যায় কিনা সেই বিষয়ে আলোচনা হয় সভায়।

হাই-টেক পার্কে যারা বিনিয়োগ করবে তাদের ঋণ দিতে কীভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।