১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সংরক্ষিত আসন: বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার থেকে

গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎকার শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 09:13 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

এয়োদশ সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার থেকে শুরু হচ্ছে।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে একথা জানিয়েছেন।

তিনি বলেন, “মনোনয়ন বোর্ড আগামীকাল শুক্রবার ৩টা থেকে এবং শনিবারও বিকাল ৩টা থেকে সাক্ষাৎকার নেবে। গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎকার শুরু হবে।”

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে গঠিত মনোনয়ন বোর্ড এই সাক্ষাৎকার নেবে।

রিজভী বলেন, শুক্রবার হবে রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ফরিদপুর বিভাগ থেকে মনোনয়নপত্র জমাদানকারীদের সাক্ষাৎকার। পর দিন শনিবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগ থেকে মনোনয়নপত্র নেওয়াদের সাক্ষাৎকার হবে।

এর আগে গত ১০, ১১ ও ১২ এপ্রিল মনোনয়ন ফরম বিক্রি করে বিএনপি। হাজারো ফরম বিক্রি ও জমা পড়ে।

মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। প্রত্যেক প্রার্থী ফরম জমার সময় ৫০ হাজার টাকা জমানত জমা দিয়েছে।