১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

“মাননীয় প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ দলের বক্তব্য অধীর আগ্রহে শুনেছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2026, 02:47 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনার উপায় খুঁজতে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারপ্রধানের কার্যালয়ে এ সভা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই সমাধান নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী একদল বিশেষজ্ঞের সঙ্গে মতবিনিময় করেছেন। চলমান সমস্যা ও সমাধানে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

“প্রধানমন্ত্রী দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে তাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”

উপ-প্রেস সচিব হাসান শিপলু বলেন, বৈঠকে দেশের বিভিন্ন স্থানে খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষজ্ঞরা দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে সমন্বিত ও কার্যকর নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ফুটস্টেপস বাংলাদেশের নেতৃত্বে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং এ সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

তাদের মধ্যে ছিলেন ফুটস্টেপস বাংলাদেশের ট্রাস্টি ও হেড অব পার্টনারশিপস ফাসবীর এস্কান্দার, প্রেসিডেন্ট শাহ রাফায়াত চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তাকী ইয়াসির, বিশ্ব ব্যাংকের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সাবেক প্রধান প্রকৌশলী তারিক বিন ইউসুফ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মুজিবুর রহমান, রেড অরেঞ্জের পরিচালক অলোক কুমার মজুমদার, উপ-পরিচালক সামিউল ইসলাম, ইয়ুথ ফর এনডিসির নির্বাহী পরিচালক আমানুল্লাহ পরাগ, গারবেজম্যানের প্রতিষ্ঠাতা ফাহিদ উদ্দিন শুভ এবং নগর ও গ্রামীণ পরিকল্পনাবিদ এস এম মেহেদী হাসান।

উপ প্রেস সচিব হাসান শিপলু বলেন, বিশেষজ্ঞরা দেশের পানি ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা, বিদ্যমান সীমাবদ্ধতা এবং সমাধান নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও সুপারিশ প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। এতে দীর্ঘ ও মধ্য মেয়াদি পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার মতো বিভিন্ন সুপারিশ রয়েছে।

শিপলু বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ দলের বক্তব্য অধীর আগ্রহে শুনেছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন।