Published : 14 Oct 2025, 11:45 PM
সরকারি কলেজগুলোতে শিক্ষক নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা ২৬ অক্টোবর থেকে শুরুর পরিকল্পনার কথা বলেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।
এ লক্ষ্য ধরে এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষার ফল ‘শিগগিরই’ প্রকাশ করা হবে বলেও পিএসসি তরফে বলা হয়েছে।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিখিত পরীক্ষার ফলাফল নিখুঁতভাবে স্বল্প সময়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে কমিশন। এই সপ্তাহে বা আগামী সপ্তাহে ফল প্রকাশ করা হবে।
“২৬ অক্টোবর থেকেই মৌখিক পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়েছে কমিশন।”
গেল শুক্রবার সকাল রাজধানীর ১৮৪টি কেন্দ্রে এ বিসিএসে আবেদন করা ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থীর এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা আয়োজন করে সরকারি কর্ম কমিশন-পিএসসি।
জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, লিখিত পরীক্ষায় ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী অংশ নেন, যা মোট আবেদনকারীর ৫৬ দশমিক ৪৯ শতাংশ।
সরকারি সাধারণ কলেজগুলোর জন্য ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য ৩০ জন শিক্ষক নিয়োগ দিতে গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
২২ জুলাই দুপুর ১২টা ১০ মিনিট থেকে ২২ অগাস্ট সন্ধ্যা ৬টায় পর্যন্ত এ বিসিএসের আবেদন গ্রহণ করা হয়।
প্রার্থীদের ২০০ টাকা আবেদন ফি গুনতে হয়েছে। তবে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আবেদন ফি ছিল ৫০ টাকা। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ছিল ৩২ বছর।