সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে সায়েন্স ল্যাবে যানজট
বেলা সাড়ে ১১টার দিকে তারা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাতে মিরপুর সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্তি এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে দ্বিতীয় দিনের মত সড়ক অবরোধ করে প্রায় সাড়ে তিন ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাজারো শিক্ষার্থী রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও ঢাকা কলেজের সামনে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাতে মিরপুর সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
এর প্রভাব পড়ে নিউ এলিফ্যান্ট রোড, গ্রিনরোডসহ আশেপাশের সব সড়কেও। বাসযাত্রী অনেককে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা যায়।
পরে বেলা ৩টার দিকে শিক্ষার্থীরা অবস্থান ছেড়ে সরে গেলে আবার যানবাহন চলাচল শুরু হয় বলে জানান নিউ মার্কেট থানার ওসি মোহসীন উদ্দিন।
ঢাকা কলেজের শিক্ষার্থী সাহারুন হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিতে থাকতে আর রাজি নন।
"আমরা সাত কলেজ নিয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় করার দাবি জানাচ্ছি।"
আগামী শনিবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা কার হবে বলে হুঁশিয়ার করেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আওলাদ জিসান।
তিনি বলেন, “সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলেও শিক্ষার মানের কোন উন্নয়ন হয়নি উল্টো শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে।”
ঢাকা কলেজের ইতিহাস বিভাগের ২২-২৩ সেশনের শিক্ষার্থী নাইম হোসেন বলেন, “আমারা সরকারকে দাবি মেনে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু আমাদের দাবি মানা হয়নি। তাই বাধ্য হয়ে আমরা সড়ক অবরোধ করেছি৷ সাত কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই আমরা।”
সায়েন্স ল্যাব মোড়ের অবস্থান থেকে শিক্ষার্থীরা ‘অধিভুক্তি নাকি মুক্তি, মুক্তি, মুক্তি’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না, মানব না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তি পাক’, ‘নিপীড়ন নাকি অধিকার, অধিকার, অধিকার’, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এ সময় শিক্ষার্থীরা ৩ দফা দাবি তুলে ধরেন–
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়।
কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
আন্দোলনরত একজন শিক্ষার্থী বলেন, “অধিভুক্ত হলেও কেবল আমাদের পরীক্ষা আর রেজাল্টের মধ্যেই ঢাবি প্রশাসন সীমাবদ্ধ। শিক্ষার গুণগত মানের কোনো পরিবর্তন হয়নি। এমনকি রেজাল্ট প্রকাশ দেরিতে হওয়ায় আমাদের সেশনজটসহ নানা রকমের বঞ্চনার শিকার হতে হয়।”
এর আগে গত সোমবারও ঢাকার নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিক্ষোভ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
