মোহাম্মদপুরের বাসায় মা-মেয়ের রক্তাক্ত লাশ
“আমরা দুটি লাশ একসঙ্গে পেয়েছি। ঘটনার পারিপার্শ্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।”
ঢাকার মোহাম্মদপুরের এক বাসায় এক নারী ও তার কিশোরী মেয়েকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
সোমবার সকালে শাহজাহান রোডে রেসিডেনসিয়াল কলেজের উল্টা পাশের একটি আবাসিক ভবনের সপ্তম তলার বাসায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত লায়লা আফরোজের বয়স ৪৮ বছর। আর তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের বয়স ১৫ বছর। তাৎক্ষণিকভাবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
ঘটনাস্থলে থাকা পুলিশের একজন এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লায়লার স্বামী এ জেড আজিজুল ইসলাম উত্তরার একটি স্কুলের শিক্ষক। সকালে তিনি বাইরে গিয়েছিলেন। সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রী-কন্যার লাশ দেখতে পান বলে পুলিশকে বলেছেন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলেন, “আমরা দুটি লাশ একসঙ্গে পেয়েছি। ঘটনার পারিপার্শ্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।”
