Published : 21 Aug 2025, 10:27 PM
বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
বেতন-ভাতা আটকে রাখলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের এমপিও স্থগিত এবং কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
এই নিদের্শনা দিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের চিঠি মঙ্গলবার এমপিওভুক্ত মাদ্রাসাগুলোর প্রধানদের পাঠানো হয়। বুধবার তা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল মান্নানের সই করা চিঠিতে বলা হয়েছে, অধিদপ্তর থেকে নিয়মিতভাবে বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) প্রদান করা হলেও কিছু প্রতিষ্ঠান প্রধান বা কমিটি নানা কারণে তা শিক্ষক-কর্মচারীদের দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
“বিধি অনুযায়ী বেতন-ভাতা আটকে রাখার এখতিয়ার প্রতিষ্ঠানপ্রধান বা কমিটির নেই। এমনকি কোনো শিক্ষক-কর্মচারী সাময়িক বরখাস্ত হলেও তার খোরপোশ ভাতা বন্ধ করা যাবে না।”
শিক্ষক কর্মচারীর বেতন-ভাতা প্রাপ্তি নিশ্চিত করার জন্য এমপিও নীতিমালায় স্বাক্ষরকারী এবং প্রতিস্বাক্ষরকারীর একাধিক বিকল্প রাখা হয়েছে বলে তুলে ধরে অধিদপ্তর বলছে, “শিক্ষক কর্মচারীর বেতন প্রদান না করা বিধিবহির্ভুত এবং অনভিপ্রেত।
“এছাড়াও কোনো শিক্ষক কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হলে তা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নিষ্পত্তি (বরখাস্ত আদেশ প্রত্যাহার বা স্থায়ী বরখাস্ত) করার বিধান রয়েছে, যা প্রতিপালিত হচ্ছে না। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সুবিধার্থে বর্ণিত বিধান প্রতিপালন অত্যন্ত জরুরি।”
প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সুবিধার্থে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশনা দিয়ে চিঠিতে বলা হয়েছে, “এ নির্দেশনা প্রতিপালন না করলে এমপিও নীতিমালা অনুসারে প্রধানের এমপিও স্থগিত বা প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে। পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রবিধান মালা ২০০৯ অনুযায়ী কমিটির বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”