Published : 23 Apr 2026, 12:49 AM
মুক্তিযুদ্ধে শহীদ সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদে গ্যালারিগুলোর নামকরণ করা হয়েছে।
ভিআইপি গ্যালারি-১ (পদ্মা)-এর নাম করা হয়েছে ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর’। ভিআইপি গ্যালারি-২ (মেঘনা) এর নাম হয়েছে ‘বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান’। গ্যালারি-৩ (শিমুল) এর নাম ‘বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ’।
গ্যালারি-৪ (শিউলি) এর নাম ‘বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান’। গ্যালারি-৫ (বকুল) এর নাম ‘বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন’। গ্যালারি-৬ (শাপলা) এর নাম ‘বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ’ ও গ্যালারি-৭ (যমুনা) এর নাম ‘বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল’।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শক্রমে সংসদের গ্যালারিগুলোর নামকরণ মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের নামে নামকরণ করা হয়েছে। এই উদ্যোগ নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংসদে আগত দর্শণার্থীদের মধ্যেও স্বাধীনতা সংগ্রামের বীরদের প্রতি শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হবে।”
নতুন নামকরণের ফলে সংসদ ভবনের প্রতিটি গ্যালারি এখন মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে যুক্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।