১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে মতবিনিময় সভায় তিনি অংশ নিয়েছেন।

বিশেষ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 06:04 PM

Updated : 11 Sep 2026, 03:57 PM

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার বিকাল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় তাদের সাক্ষাৎ হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “হুজুরের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করেছেন। তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী।”

সরকারপ্রধান মাদ্রাসায় এসে পৌঁছালে তাকে স্বাগত জানান বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক মুহিব্বুল্লাহ বাবুনগরী। বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক মুহিব্বুল্লাহ প্রধানমন্ত্রীকে অতিথি কক্ষে নিয়ে যান, সেখানে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান।

এর আগে সরকারপ্রধান বাঁশখালী হেলিকপ্টার যোগে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন। এসময় সাধারণ মানুষ তাকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

পরে সড়কপথে বাবুনগর মাদ্রাসায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় সড়কের দুই ধারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে ক্ষুদে শিক্ষার্থীদের কাছে ছুটে যান এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে মতবিনিময় সভায় অংশ নেন। এতে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ সভাপতিত্ব করেন।

বাবুনগর মাদ্রাসার অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পাশের উপজেলা হাটহাজারীতে যাবেন। সেখানকার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন সরকারপ্রধান।

এর আগে দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর সকালে কক্সবাজারের মহেশখালীর মাতাবাড়ীর গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন সরকারপ্রধান।