প্রাথমিকে শিক্ষক নিয়োগ: পেছানো পরীক্ষা হবে ৯ জানুয়ারি
নতুন তারিখে নির্ধারিত কেন্দ্রে একই সময়ে পরীক্ষা নেওয়া হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে পিছিয়ে যাওয়া লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, নতুন তারিখে নির্ধারিত কেন্দ্রে একই সময়ে পরীক্ষা নেওয়া হবে।
সহকারী শিক্ষক নিয়োগের এ পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় তা পিছিয়ে দেওয়া হয়।
প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের স্কুলগুলোর ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ পায়।
দ্বিতীয় ধাপে গত ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের স্কুলগুলোর ৪ হাজার ১৬৬টি সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।
দুই ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও দেশের আট বিভাগের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা একযোগে শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পরীক্ষার প্রবেশপত্র গত শনিবার থেকে ডাউনলোড করার সুযোগ পাচ্ছেন প্রার্থীরা।
