রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র: বিএনপি-জামায়াতের ৪ জনের কারাদণ্ড
কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও এক মাস কারাদণ্ড দিয়েছে আদালত।
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ভাটারা থানার এক মামলায় ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানসহ বিএনপি-জামায়াতের ৪ জনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আরফাতুল রাকিবের আদালত এ রায় ঘোষণা করে।
দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) আব্দুল আজিজ, মোশারফ হোসেন স্বপন ও হেলাল উদ্দিন।
কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও এক মাস কারাদণ্ড দিয়েছে আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১২ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দণ্ডিত ও খালাসপ্রাপ্তরা সবাই হাজির থেকে বিচারের মুখোমুখি হয়েছেন। রাষ্ট্রপক্ষের সাক্ষীদের তাদের আইনজীবীরা জেরা করেছেন। পরে আসামিরা পালিয়ে গেছেন।
তিনি আরো জানান , দণ্ডবিধির ১২০(খ) ধারায় এ রায় দেযা হয়। এজাহারে আরো ধারা যুক্ত থাকলেও অভিযোগ গঠনের সময় বিচারক এটি ছাড়া অন্যগুলো বাদ দিয়ে দেন।
মামলা অভিযোগ করা হয়েছে, ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা পরিকল্পিতভাবে ভাটারা থানাধীন ফাঁসেরটেক ২১ নম্বর বাড়ির সামনে বেআইনি সমাবেশ করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
এ ঘটনায় ভাটারা থানার উপ-পরিদর্শক নাজমুল হুদা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে একই থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার বিচার চলাকালে আদালত ৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
