Published : 02 Sep 2025, 08:19 PM
জুলাই আন্দোলনের সময় ঢাকার গুলশানে একটি হত্যা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মো.সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য দিয়েছেন।
মহিলা আওয়ামী লীগের ১৫ নম্বর ওয়ার্ড শাখার সহ-সভানেত্রী স্বপ্না আক্তারকে সোমবার দুপুরে ঢাকার ক্যান্টমেন্টের মাটিকাটা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মাজহারুল ইসলাম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
স্বপ্না আক্তারের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী ওমর ফারুক। তবে মামলার মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি। মুল নথি পাওয়ার পর জামিন শুনানি হবে জানিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীরা রাস্তায় নামে, সে আন্দোলনের ধারাবাহিকতায় ৫ অগাস্ট ছাত্র-গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
মামলায় বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুর সুবাস্তু মার্কেটের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণ করা হয়। রক্তাক্ত অবস্থায় ইমরানকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় এ বছর এপ্রিলে গুলশান থানায় মামলা দায়ের করা হয়।