Published : 17 Mar 2026, 05:44 PM
ঢাকার উত্তরখান মধ্যপাড়া এলাকায় চালু হলো নবনির্মিত ঈদগাহ্ ও খেলার মাঠ।
সোমবার এ স্থাপনা উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, “এই ঈদগাহটি ঈদের নামাজের পাশাপাশি অত্র অঞ্চলের একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। শিশু, বৃদ্ধ এবং নারীরা এই মাঠ নিরাপদে ব্যবহার করতে পারবে।”
৩০ শতক আয়তনের মাঠটির অবস্থান ডিএনসিসির ৪৫ নম্বর ওয়ার্ডে। এ মাঠে একসঙ্গে ১২৫০ জন ঈদের নামাজ আদায় করতে পারবেন। সেখানে জানাযার নামাজ আদায়েরও ব্যবস্থা রয়েছে।
ডিএনসিসি জানিয়েছে, মাঠটিতে ১৫০ মিটার ড্রেনেজ ব্যবস্থা, ৫ ফুট চওড়া ও ১৫০ মিটার দীর্ঘ হাঁটার পথ এবং ১.৭ মিটার উচ্চতার নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করা হয়েছে। ঈদগাহে আধুনিক পাবলিক টয়লেট, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও অযুখানা রয়েছে।
মাঠে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য ফুটবলসহ বিভিন্ন খেলনা সামগ্রী রাখা হয়েছে। পানি সরবরাহের জন্য পাম্প স্থাপন করা হয়েছে এবং যাতায়াতের সুবিধার্থে দুটি বড় গেইট ও একটি পকেট গেইট নির্মাণ করা হয়েছে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জোবায়ের হোসেন জানিয়েছেন, নগর সংস্থার পুরনো তিনটি অঞ্চলে তিনটি ঈদগাহ মাঠ থাকলেও নতুন যোগ হওয়া ৫টি অঞ্চলের কোনোটিতেই এ মাঠ ছিল না।
উত্তরখানের প্রকল্পটি বাস্তবায়নে নিজস্ব তহবিল থেকে দুই কোটি উনআশি লাখ বিয়াল্লিশ হাজার টাকা খরচ করেছে ডিএনসিসি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, ডিএনসিসির প্রধান প্রকৌশলী সৈয়দ রকিবুল হাসান।
পরিচ্ছন্নতাকর্মীরা পেলেন ‘প্রধানমন্ত্রীর উপহার’
এদিকে রোজার ঈদ উপলক্ষে ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতা কর্মীর হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
সোমবার মিরপুরের ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে এ উপহার তুলে দেন প্রশাসক শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, “এবারই প্রথমবারের মতো পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এই বোনাস প্রদান করা হলো।”
কর্মীদের নতুন উদ্যোমে কাজ শুরুর আহ্বান জানিয়ে প্রশাসক শফিকুল বলেন, “নগর পরিচ্ছন্নতায় আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে আগামী ঈদে আরও বেশি বোনাস প্রদান করা হবে।”