১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অনুমতি ছাড়া হজযাত্রীর নিবন্ধন বাতিল, ৬ এজেন্সির ব্যাখ্যা তলব

চিঠি পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে এজেন্সিগুলোকে ঘটনার যৌক্তিক ব্যাখ্যা দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 09:18 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

অনুমতি ছাড়াই হজযাত্রীদের নিবন্ধন বাতিল করে তার পরিবর্তে অন্য হজযাত্রী নেওয়ায় ছয় ট্রাভেল এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এই ছয় এজেন্সি হল- রিলেশন ট্রাভেল অ্যান্ড ট্যুরস, এফএম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ফিহা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, মীর আমিনা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, শীতলক্ষ্যা ট্রাভেলস লিমিটেড ও আনসারি ওভারসিজ। 

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অধিশাখা-২ এর বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালার বিধি-১৩ অনুযায়ী, হজ পালনে ইচ্ছুক নিবন্ধিত কোনো ব্যক্তি মারা গেলে সংশ্লিষ্ট সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দেওয়া মৃত্যু সনদ ঢাকা হজ অফিসে দাখিল করে শূন্য কোটায় প্রাক-নিবন্ধিত হজ পালনে ইচ্ছুক ব্যক্তিকে প্রতিস্থাপন করা যাবে। তবে এ ক্ষেত্রে মৃত ব্যক্তির পরিবারের সদস্য অগ্রাধিকার পাবে।

এছাড়া নিবন্ধিত ব্যক্তি গুরুতর অসুস্থতার কারণে হজে যেতে অক্ষম হলে সিভিল সার্জনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট হজ এজেন্সি ফরম-৩ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সরকারের কাছে দেবে। সেই সঙ্গে সরকারের অনুমোদন সাপেক্ষে হজ নিবন্ধন বাতিল করে হজ পালনে ইচ্ছুক ব্যক্তির শূন্য কোটায় প্রাক-নিবন্ধনের ক্রম অনুসরণ করে অন্য ব্যক্তিকে প্রতিস্থাপন করতে পারবে।

কিন্তু ওই এজেন্সিগুলো ‘বিধি ভেঙে’ হজযাত্রী প্রতিস্থাপন করেছে, যা হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালার পরিপন্থি।

এ অবস্থায়, নিবন্ধিত হজযাত্রীর অনুমতি ছাড়া কেন অন্য ব্যক্তিকে প্রতিস্থাপন করা হয়েছে তার যৌক্তিক ব্যাখ্যা চিঠি পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে এজেন্সিগুলোকে দিতে বলেছে মন্ত্রণালয়।

এর ব্যত্যয় ঘটলে এসব এজেন্সির বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। 

চলতি বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। ৩০টি লিড এজেন্সি এ বছর বাংলাদেশ থেকে হজ কার্যক্রম পরিচালনা করছে।

ধর্ম মন্ত্রণালয়ের সোমবার রাতের শেষ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত হজ পালন করতে ৫২ হাজার ৩৩৪ জন সৌদি আরবে পৌঁছেছেন।