Published : 22 Jul 2025, 10:08 PM
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দগ্ধ ও আহতদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে একটি টিম আসার তথ্য দিয়েছে সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচ।
মঙ্গলবার সিএমএইচ এ আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের কমান্ডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল এস এম সোলায়মান বলেন, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তার কথা হয়েছে।
“আমাকে জানান হয়েছে আজ রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর থেকে একটা টিম আসবে। দলটি জাতীয় বার্ন ইনস্টিটিউটে থেকে চিকিৎসা কার্যক্রম চালাবে। আর এ কারণে সিএমএইচ থেকে ২ জনকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে।”
সোমবার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান আছড়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ২৮ জন প্রাণ হারিয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৬৮ জন।
ব্রিগেডিয়ার জেনারেল সোলায়মান বলেন, “বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়ার পর রোগী আসবে, এটা জানতে পেরে ১০ মিনিটের মধ্যে আমাদের জরুরি বিভাগ প্রস্তুত হয়ে যায়।
“প্রথমেই আমি ৮টি মৃতদেহ গ্রহণ করি, ঘটনাস্থলেই যাদের মৃত্যু হয়েছে।”
বৈমানিকসহ ১২ জনের মৃতদেহ সরাসরি গ্রহণ করার কথা জানিয়ে তিনি বলেন, পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে দুটি আর আধুনিক মেডিকেল কলেজ থেকে একটা পাওয়া যায়।
আহতদের বিষয়ে তিনি বলেন, ২৮ জন আহত অবস্থায় আসে এর মধ্যে ৫ জন চিকিৎসা নিয়ে চলে গেছে।
“এখন ২৩ জন আছে। এর মধ্যে ৬ জন বার্ন আইসিইউতে ভর্তি। ৭ জন নরমাল ওয়ার্ডে। ১০ জন পোস্ট অপারেটিভে।”
সিএমএইচ কমাডেন্ট জানান, আইসিইউতে থাকা ৬ জনের মধ্যে এক শিশুর ৫২ শতাংশ, এক শিক্ষিকা মাহফুজা ৩০ শতাংশ, শিক্ষক আনোয়ারের ১০ শতাংশ, অধ্যক্ষের সহকারী আতিক ৩০ শতাংশ, অপর এক শিশুর ৩০ শতাংশ দগ্ধ। তাছাড়া আকিব নামে এক শিক্ষার্থী রয়েছে।
তিনি বলেন, গত রাতে ৮টা মৃতদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বৈমানিকের মৃতদেহ দেওয়া হয়।
“ছয়টি মৃতদেহ শনাক্ত করা যায়নি। পুলিশ এগুলো নিয়ে চলে গেছে, তারা ডিএনএ ময়নাতদন্ত করবে।”
মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখানে হাইড করার কিছু নেই।”
এদিন জাতীয় বার্ন ইনস্টিটিউটে পরিদর্শনে এসে শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, “সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। দেখে যদি দরকার হয়- তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্সে করে।
“যা প্রয়োজন তাই করা হবে। যতোজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হবে, ততোজনকে নিয়ে যাবে, কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী।”