১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রাথমিকের পিছিয়ে পড়াদের জন্য বাড়তি ক্লাস, বিশেষ ব্যবস্থা

প্রয়োজনে এ নিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা করতে স্কুল প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 12:02 AM

Updated : 26 Aug 2026, 03:01 PM

প্রাথমিক বিদ্যালয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি পুষিয়ে নিতে বাড়তি ক্লাস নেওয়ার পাশাপাশি বিশেষ যত্ন নিতে স্কুলভিত্তিক আলাদা কর্মপরিকল্পনা করা হচ্ছে।

বিশেষ এ ব্যবস্থার অংশ হিসেবে যেসব শিক্ষার্থী তৃতীয় প্রান্তিক মূল্যায়নে ভালো করতে পরেনি তাদের ‘যোগ্য করে গড়ে তুলতে’ স্কুলগুলোকে কাজ শুরু করতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদ্প্তরের পলিসি ও অপারেশন উইংয়ের পরিচালক এ কে মোহাম্মদ সামসুল আহসান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন শ্রেণিতে পিছিয়ে পড়া এসব শিক্ষার্থীদের এ পরিকল্পনার অধীনে সংশ্লিষ্ট বিষয়ে ‘বিশেষ যত্ন’ নিতে বলা হয়েছে।

“এজন্য ওই শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস, বাড়ির কাজে সমন্বয়, শিক্ষার্থী যে বিষয়গুলো বুঝতে পারছে না সেগুলোতে জোর দিয়ে এ কর্মপরিকল্পনা করতে হবে প্রধান শিক্ষকদের।

প্রয়োজনে এ নিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা করতে স্কুল প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা এক শ্রেণি থেকে আরেক শ্রেণিতে উত্তীর্ণ হলেও তারা কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে পারছেন না বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে। 

এমন বাস্তবতায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কাঙিক্ষত যোগ্যতা অর্জন নিশ্চিত করতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশনা দিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক সামসুল বলেন, গত নভেম্বরে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত মূল্যায়ন এবং ডিসেম্বরে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন করা হয়। এতে যেসব শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল করতে পারেনি তাদের এগিয়ে নেওয়াই এর লক্ষ্য।

কিছু স্কুল ইতোমধ্যে এ পরিকল্পনা তৈরিও করেছে বলে জানান তিনি।

অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এসব স্কুলের মধ্যে থেকে তিনটির নমুনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাঠাতে বলা হয়েছে।