১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৪ হাজার ইয়াবাসহ কক্সবাজারের দুজন ঢাকায় গ্রেপ্তার

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে, দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে তারা ইয়াবার চালান ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 09:54 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবার চালান নিয়ে আসার সময় ১৪ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তার দুইজন হলেন–কক্সবাজারের পেকুয়ার পারভেজ মোশারফ (২৩) এবং মেজবাহ উদ্দিন (২১)। সোমবার ভোরে রাজধানীর আসাদগেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সোর্সের মাধ্যমে’ তারা জানতে পারে, দুই ব্যক্তি সৌদিয়া বাসে করে কক্সাবাজার থেকে ইয়াবার একটি চালান নিয়ে ঢাকার গাবতলীতে যাচ্ছে।

“এই খবরের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন আসাদ গেইট মোড় ট্রাফিক পুলিশ বক্স এর সামনে গাবতলীমুখী বাস থামানো হয়। পরে বাসটিতে পাশপাশি দুই আসনে বসা পারভেজ এবং মেজবাহকে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ১৪ হাজার ইয়াবা পাওয়া যায়।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে, দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে তারা ইয়াবার চালান ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।”  

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।