১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

সোমবার থেকে দেশের সব ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2026, 10:34 PM

Updated : 26 Aug 2026, 03:44 PM

ঈদুল আজহা ঘিরে দীর্ঘ সাত দিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত।

ব্যাংক, বীমা, পুঁজিবাজারসহ দেশের আর্থিক খাতের সব প্রতিষ্ঠানও এ দিন চালু হবে।

ঈদের আগে সীমিত পরিসরে কিছু ব্যাংকের শাখা খোলা থাকলেও সোমবার থেকে দেশের সব ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে।

সরকারি ছুটির সঙ্গে মিল রেখে আর্থিক প্রতিষ্ঠান ও আদালতে ঈদের ছুটি শুরু হয় গত সপ্তাহের সোমবার থেকে। ছুটি শেষে ১ জুন ব্যাংক ও অফিস-আদালত খুলবে বলে আগেই প্রজ্ঞাপনে বলেছিল সরকার।

তবে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে কর্মরতদের বেতন-বোনাস দেওয়ার সুবিধার্থে ২৫ ও ২৬ মে পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংকের শাখা খোলা ছিল।

এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপ-শাখা ও বুথগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা ছিল।

ঈদের বন্ধের আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবার ও রোববার সরকারি অফিস, আদালত ও সব ব্যাংকের শাখা খোলা ছিল।

ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ ছিল এবার।