১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দাখিলের সূচিতেও এল পরিবর্তন

বৈসাবির কারণে দুটি পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছিল পাহাড়ি ছাত্র পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2025, 01:04 PM

Updated : 26 Aug 2026, 12:02 PM

সাধারণ শিক্ষা বোর্ডের সঙ্গে মিল রেখে ১৩ এপ্রিলের দাখিল পরীক্ষা পিছিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

ওই দিনের আরবি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এক মাস বাদে, আগামী ১৩ মে।

রোববার মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে এই সংশোধিত সূচি প্রকাশ করা হয়। 

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি এসএসসির সংশোধিত সূচি প্রকাশ করে সাধারণ শিক্ষা বোর্ড। তাতে ১৩ এপ্রিলের এসএসসির বাংলা দ্বিতীয়পত্র পিছিয়ে ১৩ মে দিন ঠিক করা হয়।

পাহাড়ের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’ উদযাপনে ১৩ ও ১৫ এপ্রিলের এসএসসি পরীক্ষা পেছানোর দাবি ডিসেম্বর থেকে জানিয়ে আসছিল চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

চাকমাদের ‘বৈসু’, মারমাদের ‘সাংগ্রাই’ এবং ত্রিপুরাদের ‘বিহু’- তিন সম্প্রদায়ের বর্ষবরণ উৎসবের আদ্যক্ষর থেকে ‘বৈসাবি’ নামকরণ হয়েছে। প্রতিবছর ১২ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় রীতি-নীতি মেনে পাহাড়িরা এ উৎসব উদযাপন করেন।

আগামী ১০ এপ্রিল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে দাখিল পরীক্ষাও। প্রথমদিন অনুষ্ঠিত হবে কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় বসছেন ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী। তাদের মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দেবেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। 

আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন দাখিল পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।