১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হজযাত্রায় পান-জর্দা-গুলসহ ‘নিষিদ্ধ’ পণ্য না নেওয়ার অনুরোধ

“মন্ত্রণালয় থেকে বারবার সতর্ক করার পরও এ ঘটনা ঘটছে; এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়,” বলেন ধর্মমন্ত্রী।

হজযাত্রায় পান-জর্দা-গুলসহ ‘নিষিদ্ধ’ পণ্য না নেওয়ার অনুরোধ
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2026, 06:10 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

হজযাত্রায় নিষিদ্ধ পণ্য সঙ্গে না নিতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, সৌদি সরকারের আইনে হজযাত্রীর লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাকপাতা, জর্দা, গুল, পানপাতা, শুটকি, রান্না করা খাবার ও পচনশীল দ্রব্য বহন করা নিষিদ্ধ। ধর্ম মন্ত্রণালয়ের ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এ বিষয়টি আছে।

হজযাত্রীদেরকে সতর্কতা অবলম্বনের অনুরোধ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, আগের বছরগুলোতে বিভিন্ন সময়ে সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বারবার সতর্ক করার পরও এ ঘটনা ঘটছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।” 

ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বিজ্ঞপ্তিতে বলেন, “সৌদিতে কোনো হজযাত্রীর লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে সে দেশের প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এমন কাজে সংশ্লিষ্ট হজযাত্রীর হজ পালনও ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। এমনকি হজ করার সুযোগ নাও পেতে পারেন তিনি। এ কারণে কোনভাবেই নিষিদ্ধ পণ্য বহন করা যাবে না।”

বাংলাদেশ থেকে এবার ৭৮ হাজার ৫০০ হজ পালন করবেন। আগামী ১৮ এপ্রিল থেকে হজের প্রি-ফ্লাইট শুরু হবে।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে ধর্মমন্ত্রী বলেন, “এ বছরের হজ বর্তমান দায়িত্বশীল সরকারের প্রথম হজ। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের হজ ব্যবস্থাপনাকে আরও সুষ্ঠু ও সুন্দর করতে হবে।

“হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদেরকে নিজের পরিবারের সদস্যের মতো সেবা দিতে হবে।”