১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সংস্কারে সহায়তা অব্যাহত রাখবে জাইকা

প্রধান উপদেষ্টা এক বিলিয়ন ডলারের ঋণ ও অনুদান চুক্তির জন্য জাপানকে ধন্যবাদ দেন।

সংস্কারে সহায়তা অব্যাহত রাখবে জাইকা
রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরা সাক্ষাৎ করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2025, 09:45 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

বাংলাদেশে বিনিয়োগ, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং তরুণদের উন্নয়নে জাপানের সহযোগিতা আরও বাড়ানোর অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “জাপান সবসময়ই আমাদের বিশ্বস্ত বন্ধু। সম্প্রতি জাপান সফরকালে আমি ও আমার প্রতিনিধি দল যে আন্তরিকতা ও আতিথেয়তা পেয়েছি, তাতে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি।”

উত্তরে মিয়াজাকি কাতসুরা বলেন, বাংলাদেশ এখনও জাপানের জন্য এশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার এবং তার দেশে আগামীতেও বাংলাদেশের উন্নয়নের যাত্রায় সহযোগিতা অব্যাহত রাখবে।

“আমরা জুলাই মাসে আন্দোলনে নিহত ও আহতদের জন্য গভীরভাবে শোকাহত।”

বৈঠকে প্রধান উপদেষ্টা মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, “এটি আমাদের দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প।”

সমুদ্রভিত্তিক অর্থনীতির সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, “জাপান সফরের সময় জাইকার প্রেসিডেন্টকে বলেছি, আমরা একটি ব্লু ইকোনমির দেশ হতে চাই।”

মুহাম্মদ ইউনূস জাপানে বাংলাদেশের তরুণদের জন্য বৃত্তির সংখ্যা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর অনুরোধও করেন।

রোহিঙ্গাদের বিষয়ে তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক যে হাজার হাজার তরুণ রোহিঙ্গা ক্যাম্পে বেড়ে উঠছে কোনো ভবিষ্যৎ আশা ছাড়াই। এতে তারা হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠছে।”

২০২৬ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রসঙ্গ তুলে ধরে জাইকার ভাইস প্রেসিডেন্ট বলেন, এ প্রেক্ষাপটে বিচার বিভাগ, জনপ্রশাসন, স্থানীয় সরকার ও স্বাস্থ্য খাতে সংস্কারে গুরুত্ব দিচ্ছে তাদের প্রতিষ্ঠান।

আইসিটি খাতে দক্ষ মানবসম্পদ গঠনে জাপান-বাংলাদেশ যৌথ প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, এ প্রকল্পে স্থানীয় সরকার, কোম্পানি ও বিশ্ববিদ্যালয়গুলো যুক্ত থাকবে।

তরুণদের উন্নয়নের প্রসঙ্গে ইউনূস বলেন, “আমাদের মেয়েরা ক্রীড়াক্ষেত্রে অসাধারণ করছে। গতকালও (বুধবার) তারা একটি ম্যাচ জিতে ফাইনালে উঠেছে। আমরা হোস্টেলের সংখ্যা বাড়াচ্ছি, তবে তাদের স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণের জন্য সহায়তা প্রয়োজন।”

এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়ে মিয়াজাকি বলেন, জাপান বিভিন্ন দেশে শিক্ষা প্রকল্পে স্বেচ্ছাসেবক পাঠাচ্ছে এবং নারীদের ক্রীড়া খাতে আরও সহযোগিতা বিবেচনায় নিচ্ছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা সম্প্রতি ১ বিলিয়ন ডলারের ঋণ ও অনুদান চুক্তির জন্য জাপানকে ধন্যবাদ দেন, যা অর্থনৈতিক সংস্কার, রেলপথ নির্মাণ ও মানবসম্পদ উন্নয়নে ব্যয় হবে। তিনি বার্ষিক জাপানি অনুদানের পরিমাণ ৩০০ বিলিয়ন ইয়েন থেকে বাড়িয়ে ৪৫০ বিলিয়ন ইয়েনে উন্নীত করার অনুরোধ করেন।

এদিকে মুহাম্মদ ইউনূসের সঙ্গে মিয়াজাকি কাতসুরার সাক্ষাতের বিষয়ে জাইকার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টাকে বলেন, এটি তার প্রথম বাংলাদেশ সফর। ২০১৬ সালে ঢাকায় সন্ত্রাসী হামলায় সাত জাপানি নাগরিক নিহত হওয়ায় ঘটনার বার্ষিকীতে তাদের স্মরণে ২ জুলাই  আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায়  আসেন। 

পাশাপাশি জাইকা ও বাংলাদেশের সহযোগিতা আরও জোরদার করা তার এ সফরের অন্যতম উদ্দেশ্য বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।