Published : 26 Aug 2025, 04:52 PM
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের চার দিনের সীমান্ত সম্মেলন ঢাকায় শুরু হয়েছে।
মঙ্গলবার পিলখানায় বিজিবি সদর দপ্তরে বৈঠকের মধ্য দিয়ে এ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয় বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এবারের সম্মেলনে সীমান্ত হত্যা, ‘পুশ ইন’, অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান রোধ আলোচনায় স্থান পাবে। এছাড়া আন্তঃসীমান্ত অপরাধ দমন, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন, অননুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ, সীমান্ত নদীর তীর সংরক্ষণ, সীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ গ্রহণের মতো বিষয় নিয়ে আলোচনা হবে।
বিজিবি বলছে, সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশবিরোধী ‘অপপ্রচারের’ ফলে সীমান্তে যে উত্তেজনা দেখা দিয়েছে তা প্রশমন নিয়ে সম্মেলনে আলোচনা হবে। এছাড়া দ্বিপক্ষীয় ও সীমান্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিনিধিরা আলোচনা করবেন।
সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নিয়েছে। আর বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দলে রয়েছে ১১ সদস্য।
ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও দেশটির স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় ভারতয়ি হাই কমিশনের কর্মকর্তারা রয়েছেন। আর বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সড়ক বিভাগ, ভূমি জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আছেন।
আগামী ২৮ অগাস্ট সকালে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে, সেদিনই ভারতীয় প্রতিনিধি দলের নিজ দেশে ফেরার কথা রয়েছে।