Published : 27 Sep 2025, 04:08 PM
পরিবেশগত ঝুঁকি থেকে শিশু স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে ‘শিশুস্বাস্থ্য ও পরিবেশ হ্যান্ডবুক’ প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা মহাপরিদপ্তর।
ইউনিসেফের সহযোগিতায় তৈরি এই হ্যান্ডবুক মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন এবং শিক্ষকদের পরিবেশগত ঝুঁকি ও তার প্রভাব সম্পর্কে সচেতন করবে। পাশাপাশি প্রতিরোধমূলক ও সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণে সক্ষম করে তুলবে।
শনিবার ঢাকার সিরডাপ মিলনায়তনে এই হ্যান্ডবুকের মোড়ক উন্মোচন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টিটিভ দীপিকা শর্মা, স্বাস্থ্য শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নূর-ই-আলম সিদ্দিকী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুখসানা আহমেদ, অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন, পরিচালক অধ্যাপক ডা. এএফএম শহীদুর রহমান।
চিকিৎসক নাজমুল হোসেন বলেন, “আমাদের দেশ পৃথিবীর শ্রেষ্ঠতম এলাকার একটা। কিন্তু নানা কারণে সেটা নষ্ট করা হচ্ছে। এর প্রভাব পড়ছে শিশুদের ওপর।
“শিশুরা যেহেতু আমাদের ভবিষ্যত, আমাদের দায়িত্ব তাদের প্রটেকশন দেওয়া। এই কারণে চিকিৎসকদের জন্য এই হ্যান্ডবুকটা তৈরি করা হয়েছে। এতে শিশুস্বাস্থ্য পরিবেশের প্রভাবের বিষয়গুলো রাখা হয়েছে। এটা মেডিকেল শিক্ষার্থী, চিকিৎসকরা রাখলে তারা উপকৃত হবে। তারা জানতে পারবে, বিষয়গুলো বুঝতে পারবে। শিশুদের চিকিৎসা দেওয়ার সময় সেটা কাজে লাগাতে পারবে।”
অনুষ্ঠানে বলা হয়, শিশু স্বাস্থ্যে প্রভাব ফেলে এমন বিষয় যেমন বায়ুদূষণ, শব্দদূষণ, সীসা ও ক্ষতিকর রাসায়নিক, কীটনাশক, ই-বর্জ্য, জলবায়ু পরিবর্তন, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি হ্যান্ডবুকে অন্তর্ভুক্ত করা হয়েছে। হ্যান্ডবুকটি তৈরির ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের যৌথ অনলাইন প্রশিক্ষণ কোর্স ‘চিলড্রেনস এনভায়রনমেন্টাল হেলথ’কে মূল রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে ৪৭টি মেডিকেলের অধ্যাপক ও বিশেষজ্ঞরা একাধিক কারিগরি ও অংশীজন পরামর্শ কর্মশালায় অংশ নেন।
এ হ্যান্ডবুকের মাধ্যমে মেডিকেল শিক্ষার্থীরা শিশুস্বাস্থ্যে পরিবেশগত ঝুঁকির প্রভাব বুঝতে পারবে, সংশ্লিষ্ট রোগ শনাক্ত করতে পারবে, শিশুস্বাস্থ্যের পরিবেশগত ইতিহাস সংগ্রহের দক্ষতা অর্জন করবে এবং স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে কার্যকরভাবে যোগাযোগ করতে সক্ষম হবে।