Published : 03 Sep 2026, 12:42 AM
দেশে সার উৎপাদনের পরিমাণ ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৪০ হাজার টন কমে যাওয়ার তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
একই সময়ে সারের রপ্তানি আয় কমে যাওয়া এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ার তথ্যও দিয়েছে সরকারি সংস্থাটি।
‘জাতীয় হিসাব পরিসংখ্যান (২০২৫-২৬ অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব এবং ২০২৪-২৫ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব)’ শিরোনামে এসব তথ্য তুলে ধরেছে বিবিএস।
হিসাব বইয়ে দেখা গেছে, সদ্য বিদায়ী অর্থবছরের প্রথম ১১ মাসে সার উৎপাদন হয়েছে ১১ লাখ ১৭ হাজার ৮৫ টন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় উৎপাদন কমেছে ৩৯ হাজার ৭৭৫ টন। শতকরা হিসাবে কমার হার ৩ দশমিক ৪৪ শতাংশ।
২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই থেকে মে মাসে সার উৎপাদন হয়েছিল ১১ লাখ ৫৬ হাজার ৮৬০ টন। ওই অর্থবছরের শেষ মাসে উৎপাদন ছিল ৮৮ হাজার ৫৯৭ টন। তবে বিবিএস গত অর্থবছরের শেষ মাসের হিসাব দেয়নি।
বিবিএসের হিসাব অনুযায়ী, গত অর্থবছরের প্রথম পাঁচ মাসে উৎপাদন ধারাবাহিকভাবে কমছিল। এরপর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত উৎপাদন বাড়ে। কিন্তু মার্চ ও এপ্রিলে আবার কমে যায়। মে মাসে ফের বৃদ্ধি পায়।
মাসভিত্তিক হিসাবে সবচেয়ে বড় ধস দেখা যায় অগাস্টে। ২০২৪-২৫ অর্থবছরের অগাস্টে সার উৎপাদন ছিল ১ লাখ ২২ হাজার ৭৪৮ টন। চলতি অর্থবছরের আগস্টে তা নেমে আসে ১৩ হাজার ২২৩ টনে। শতকরা হিসাবে কমে যায় ৮৯ শতাংশের মতো।
তবে প্রতিবেদনে মাসভিত্তিক উৎপাদন ওঠানামার কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি বিবিএস।
বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে সার উৎপাদন হয় ১২ লাখ ৪৫ হাজার ৪৫৭ টন। এর আগের অর্থবছরে (২০২৩-২৪) হয় ৮ লাখ ৯৫ হাজার ১২১ টন। অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন বেড়ে ছিল ৩ লাখ ৫০ হাজার ৩৩৬ টন।
রপ্তানিতে ধস
দেশে উৎপাদনের পাশাপাশি সার রপ্তানির তথ্যও রয়েছে বিবিএসের প্রকাশনায়। অর্থবছরভিত্তিক সার রপ্তানির টাকার অঙ্ক দেওয়া হয়েছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে সার রপ্তানি হয় ১০৮ কোটি টাকার। ২০২১-২২ অর্থবছরে রপ্তানির পরিমাণ বেড়ে দাঁড়ায় ১১৬ কোটি টাকা।
এরপর বড় ধরনের পতন দেখা যায়। ২০২২-২৩ অর্থবছরে সার রপ্তানি নেমে আসে ১ কোটি ২ লাখ টাকায়। ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি হয় ৭০ লাখ টাকার। পরের অর্থবছরে (২০২৪-২৫) রপ্তানি আয় কিছুটা বেড়ে দাড়াঁয় ৮০ লাখে।
আর ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে রপ্তানি হছে মাত্র ১০ লাখ টাকার সার।
আমদানিতে বড় ব্যয়
অন্যদিকে সার আমদানিতে দেশের ব্যয় অনেক বেশি। ২০২০-২১ অর্থবছরে সার আমদানিতে ব্যয় হয় ৮ হাজার ২৬০ কোটি টাকা।
২০২১-২২ অর্থবছরে তা বেড়ে হয় ২৪ হাজার ৯৭৪ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে আমদানির ব্যয় আরও বেড়ে দাঁড়ায় ৩৩ হাজার ৬৯২ কোটি টাকা।
২০২৩-২৪ অর্থবছরে আমদানি ব্যয় কমে ১৮ হাজার ৩৯৪ কোটি টাকায় নেমে আসে। ২০২৪-২৫ অর্থবছরে আবার বেড়ে হয় ২২ হাজার ১৪২ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসেই সার আমদানিতে ব্যয় হয় ২৭ হাজার ৭৪ কোটি টাকা।