Published : 11 Jul 2026, 04:13 PM
দেশের চিকিৎসা ব্যবস্থায় মানুষ যাতে আস্থা রাখতে পারে, সেভাবে সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, “আমি ডাক্তারদের কাছে—যারা বর্তমানে চিকিৎসক আছেন, ডাক্তার আছেন, যারা ডাক্তার হবেন, প্রত্যেকের কাছে আমার আমার একটা প্রত্যাশা আছে। প্রতিবছর বাংলাদেশ থেকে প্লাস মাইনাস ফাইভ বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য।
“আমাদের দেশের বহু মানুষ—লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে। তার ফলে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রাও সেই সাথে চলে যাচ্ছে।
“আপনাদের (চিকিৎসক ও শিক্ষার্থীদের) কাছে আমার প্রত্যাশা যে, আসুন না আমরা কেন পারব না এই পরিস্থিতির পরিবর্তন করতে? কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারব না?”

ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার আয়োজিত ‘ডিএমসি ডে’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষালয়টির ডা. শামসুল আলম খান মিলন মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
আইন করে স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নয় মন্তব্য করে প্রধামন্ত্রী বলেন, “এটি কোনো প্রতিষ্ঠান দিয়ে আমরা করতে পারব না। এটি একমাত্র সম্ভব হবে—আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে।
“আজকে অনুষ্ঠানে ঢাকা মেডিকেলেজের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুধু ডিএমসি না, বাংলাদেশের প্রত্যেকটি হসপিটাল বা প্রত্যেকটি মেডিকেল কলেজের যারা চিকিৎসক আছেন, যারা শিক্ষার্থী আছেন, আপনাদের সকলের কাছে এই পরিবর্তনটি অর্থাৎ দেশের মানুষ আমার দেশের চিকিৎসকদের উপরে সম্পূর্ণ এবং বিশ্বাস রাখবে ইনশাল্লাহ ভবিষ্যতে।”
ঢাকা মেডিকেল কলেজের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান। তাদের আগমনে চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা দেখা দেয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহধর্মিণীকে সঙ্গে নিয়ে নিজে গাড়ি চালিয়ে অনুষ্ঠানস্থলে আসেন। তারা বেলুন ও পায়রা উড়িয়ে ‘ডিএমসি ডে’ উদ্বোধন করে কাজী ফজলুল হক হোস্টেলে যান। সেখানেই একসময় থাকতেন জুবাইদা রহমান। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকারপ্রধান ও তার সহধর্মিণী।