Published : 16 Nov 2025, 10:50 PM
বাংলাদেশে হতে যাওয়া প্রথম নারী কাবাডি বিশ্বকাপের ট্রফির আনুষ্ঠানিক উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১১ দলের এ বিশ্বকাপ আগামী ১৭ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৪ নভেম্বর।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রফি উন্মোচন করেন।
১৩ বছর পর হতে যাওয়া নারী বিশ্বকাপের দ্বিতীয় আসরের ট্রফি উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে শুধু বিশ্বকাপের আগমন উদযাপন করা হয়নি, বরং আন্তর্জাতিক পর্যায়ে নারী ক্রীড়ার প্রসারে বাংলাদেশের নেতৃত্বশীল ভূমিকাকেও তুলে ধরা হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নারী কাবাডির প্রথম বিশ্বকাপ ২০১২ সালে ভারতের পাটনায় অনুষ্ঠিত হয়।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস ঢাকায় বিশ্বকাপ আয়োজনের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, অনুপ্রেরণামূলক ও বিশ্বমানের প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজকরা জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি সম্পূর্ণরূপে চলছে। লজিস্টিকস, নিরাপত্তা ও দলের আবাসন ও দর্শকদের অংশগ্রহণের সকল ব্যবস্থা সম্পূর্ণরূপে নিশ্চিত করা হয়েছে।
স্বাগতিক বাংলাদেশ ছাড়া অংশগ্রহণকারী দেশগুলো হল- চীনা তাইপে, জার্মানি, ইরান, ভারত, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার।
অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকার সক্রিয়ভাবে নারী ক্রীড়াবিদদের উন্নয়ন ও প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ করছে।
তিনি বলেন, বাংলাদেশের নারীরা আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রতিভা প্রমাণ করে চলেছেন। সরকার তাদের সাফল্য অর্জনে প্রয়োজনীয় সব সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।