১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাইলস্টোন ট্র্যাজেডি: ‘শিগগিরই’ বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর ঘোষণা ভারতের

চিকিসকরা রোগীদের অবস্থা পর্যালোচনা করবেন এবং প্রয়োজন মনে করলে পরবর্তী চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পরামর্শ দেবেন, বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মাইলস্টোন ট্র্যাজেডি: ‘শিগগিরই’ বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর ঘোষণা ভারতের
ঢাকার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ছবি: আব্দুল্লাহ আল মমীন

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 12:31 AM

Updated : 26 Aug 2026, 01:26 PM

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ ব্যক্তিদের সেবায় বিশেষজ্ঞ চিকিৎকদের ‘শিগগিরই’ ঢাকায় পাঠানোর ঘোষণা দিয়েছে ভারত।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দগ্ধদের সেবা দিতে প্রয়োজনীয় রসদ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি দল শিগগিরই ঢাকা যাবে। 

“তারা রোগীদের অবস্থা পর্যালোচনা করবেন এবং প্রয়োজন মনে করলে পরবর্তী চিকিৎসা কিংবা বিশেষায়িত সেবার জন্য ভারতে নেওয়ার পরামর্শ দেবেন।”

চিকিৎসকদল সুপারিশ করলে প্রয়োজনে আরো লোকবল ঢাকায় পাঠানো হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি আসার আগে বিবিসির এক খবরে বলা হয়, দগ্ধদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাচ্ছে ভারত।

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনায় এ পদক্ষেপ চূড়ান্ত হয়েছে বলে খবরে বলা হয়।

দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা বিবিসিকে বলেন, “আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক– যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তারা নার্সদের একটি ছোট টিম নিয়ে আজই (মঙ্গলবার) ঢাকায় পৌঁছে যাবেন।”

বিবিসি বাংলা লিখেছে, সোমবার ঢাকায় বিমান দুর্ঘটনার খানিক বাদে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে ফোন করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আলাপচারিতায় যেকোনো দরকারে ভারত সহায়তার জন্য প্রস্তুত বলে জানান মিশ্রি।

পরে সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে বাংলাদেশের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে বার্তা দেন। 

মোদী বলেন,  “ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখবোধ করছি, যেখানে নিহতের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী।

“পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বাংলাদেশের প্রতি ভারত সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।"

বিবিসি বলছে, মোদীর এ বার্তার আসার পর থেকেই ঢাকায় ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই সরকার সর্বক্ষণ যোগাযোগের মধ্যে থেকেছে।