২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিদের অপসারণ

জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভাগীয় কমিশনারদের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2024, 08:33 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

ক্ষমতার পালাবদলে এবার দেশের সব বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়; তবে কমিটির অন্য সদস্যদের নিজ নিজ পদে বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন। 

প্রজ্ঞাপনে বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ এর ৬৮ অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ এর ৬৮ এ বলা আছে, এ প্রবিধানমালায় যা কিছুই থাকুক না কেন, সরকার, জাতীয় পর্যায়ে এবং বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হলে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের, ক্ষেত্রমত, গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি, নির্বাহী কমিটি, অ্যাডহক কমিটি বা বিশেষ পরিস্থিতি কমিটির সভাপতি পদে দায়িত্ব পালনরত ব্যক্তির দায়িত্বের অবসান ঘটিয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি পদে দায়িত্ব পালনের নির্দেশ দিতে পারবে।