১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খালেদার গাড়িবহরে হামলার মামলা: একদিন পরই ঢাবির ডেপুটি রেজিস্ট্রারের জামিন বাতিল

নির্দিষ্ট সময় পর জামিননামা দিতে এলে জামিন বাতিল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 06:38 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে জামিন দেওয়ার একদিন পরই তা বাতিল করেছে একই আদালত।

সময়মত জামিননামা দাখিল না করায় সোমবার ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আশরাফুল আমিন বলেন, রোববার আসামির জামিন হলেও আসামিপক্ষ সময়মত আদালতে জামিননামা দাখিল করেনি। নির্দিষ্ট সময় পর জামিননামা দিতে এলে জামিন বাতিল করা হয়েছে।

এর আগে রোববার এক হাজার টাকা মুচলেকায় লাভলুর জামিন মঞ্জুর করেছিল একই আদালত।

চব্বিশের আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির।

এ ঘটনার জেরে ২০২৫ সালের ১৭ নভেম্বর মধ্যরাতে কিছু শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তার বাসায় যান। লাভলুর ওই পোস্ট নিয়ে সেখানে ‘উত্তেজনা’ সৃষ্টি হলে রাতে তাকে পুলিশ হেফাজতে নেয় শাহবাগ থানা। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এরপর গত ৫ এপ্রিল খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় লাভলুকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। ছাত্রজীবনে তিনি মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন।ৎ

মামলার তথ্য বলছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারে যেতে ২০১৫ সালের ২২ এপ্রিল গুলশানের বাসভবন থেকে গাড়ি বহর নিয়ে বের হন ওই সময়ের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগের বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তার গাড়িবহরে হামলা করা হয়। গাড়ি ভাঙচুরের পাশাপাশি কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়।

হাসিনার রায় নিয়ে পোস্ট: ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ গ্রেপ্তার