১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘কিটামিন’ বিদেশে পাচার হয়েছে আগেও: ডিএনসি

“বর্তমানে এটি ব্যাপকভাবে মাদক হিসেবে অপব্যবহার করা হচ্ছে, বিশেষ করে পার্টি ড্রাগ হিসেবে,” বলেন হাসান মারুফ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 05:36 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে মাদক ‘কিটামিন’ বিদেশে পাচার হওয়ার তথ্য দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসি।

ঢাকার টঙ্গী থেকে প্রায় সাড়ে ছয় কেজি এ মাদক উদ্ধারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি এ তথ্য তুলে ধরে। রোববার দুপুরে সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। 

সংস্থার মহাপরিচালক হাসান মারুফ বলেন, ইতালিতে পাচারের চেষ্টার সময় শুক্রবার টঙ্গী থেকে ৬ দশমিক ৪৪ কেজি ‘কিটামিন’ জব্দ করা হয়। এ মাদক ছয়টি সাদা তোয়ালের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ছিল।

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক কুরিয়ার সেবা ফেডেক্সের মাধ্যমে চালানটি ইতালিতে পাঠানো হচ্ছিল। কুরিয়ারে দেওয়া প্রেরকের ঠিকানা, সিসিটিভি ভিডিও ও মোবাইল নম্বরের সূত্র ধরে চাঁদপুর ও ফরিদপুর থেকে দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা ইউনিট।

আরিফুর রহমান খোকা ও মাসুদুর রহমান জিলানী

আরিফুর রহমান খোকা ও মাসুদুর রহমান জিলানী

গ্রেপ্তার দুজন হচ্ছেন- মাসুদুর রহমান জিলানী (২৮) ও আরিফুর রহমান খোকা (৪০)।

অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ভারত থেকে আসা এ মাদক একাধিকবার ইতালি ও স্পেনে পাঠিয়েছিল চক্রটি।

খোকা এ চক্রের হোতা উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, জিলানীকে দিয়ে চালানটি কুরিয়ার সার্ভিসে বুক করেন খোকা। প্রতি চালান মাদক কুরিয়ার পর্যন্ত পৌঁছে দিতে জিলানী ৬০ হাজার টাকা পেতেন।

এক প্রশ্নের জবাবে মহাপরিচালক হাসান মারুফ বলেন, কিটামিন নামের এ মাদককে কোকেনের সঙ্গে তুলনা করা যায়।

“ক্রেতারা কোকেনের মত প্রায় সমপরিমাণ মূল্য দিয়ে এই কিটামিন কিনে থাকে বলে জানতে পেরেছি।”

তিনি বলেন, “কিটামিন মূলত একটি ডিসোসিয়েটিভ অ্যানেস্থেটিক (চেতনানাশক) ওষুধ। যা অতীতে চিকিৎসা ক্ষেত্রে অপারেশনের সময় অজ্ঞান করার জন্য ব্যবহার করা হতো।

“কিন্তু বর্তমানে এটি ব্যাপকভাবে মাদক হিসেবে অপব্যবহার করা হচ্ছে, বিশেষ করে পার্টি ড্রাগ হিসেবে।”

এ মাদক সেবনে স্বল্পমেয়াদে বিভ্রান্তি, হ্যালুসিনেশন ও শারীরিক জটিলতা তৈরি হয় জানিয়ে হাসান মারুফ বলেন, “দীর্ঘ সময় ধরে সেবনের কারণে এটি কিডনি ও মূত্রথলির গুরুতর ক্ষতি, মানসিক সমস্যা, আসক্তির দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি জীবনের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করে।”

এটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ শ্রেণিভুক্ত মাদক জানিয়ে তিনি বলেন, ২০১০ সালে ‘কিটামিন’কে মাদকের তালিকায় তোলা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এখন পর্যন্ত ইতালি ও স্পেনে এ মাদকের বেশি চাহিদা লক্ষ্য করা গেছে।

“ইতালির যার কাছে এই চালানটি পাঠানোর চেষ্টা চলছিল, তার ব্যাপারে এরই মধ্যে খোঁজ নেওয়া শুরু হয়েছে।”

আরও পড়ুন

ইতালিতে পাচারের চেষ্টাসাড়ে ৬ কেজি কেটামিনসহ গ্রেপ্তার ২