১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা: সুপ্রিম কোর্ট বারে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সভাপতি মাহবুব উদ্দিন খোকনের সংবাদ সম্মেলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মিলনায়তনে সাংবাদিকদের মুখোমুখি হন সম্পাদক শাহ মঞ্জুরুল হক।

কোটা: সুপ্রিম কোর্ট বারে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বৃহস্পতিবার প্রথমে সাভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের মুখোমুখি হন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2024, 10:17 PM

Updated : 26 Aug 2026, 10:05 AM

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নজিরবিহীন সহিংসতা, প্রাণহানি, আদালতের রায় ও কারফিউসহ উদ্ভূত পরস্থিতিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে প্রথমে সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন এবং পরে সাধারণ সম্পাদক শাহ মঞ্জুরুল হক সাংবাদিকদের মুখোমুখি হন। 

আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহবুব উদ্দিন খোকন দেশে চলমান কারফিউ প্রত্যাহার, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালু করা এবং মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করার দাবি করেন। 

তিনি বলেন, “তদন্ত শুরুর করার আগেই পাইকারি হারে বিরোধী নেতাকর্মীদের সরকার গ্রেপ্তার শুরু করেছে। তদন্ত ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বিরোধী রাজনৈতিক নেতাদের নাম ধরে বক্তব্য দিচ্ছেন। এটা আইনের শাসনের পরিপন্থি। এটা অবিলম্বে বন্ধ করতে হবে।” 

তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য নাসির উদ্দিন অসীম, জাকির হোসেন, আবেদ রেজা, রুহুল কবির রিজভীসহ সব আইনজীবীর মুক্তি দাবি করেন।

সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, “ভিডিও ফুটেজে স্পষ্টভাবেই দেখা গেছে, পুলিশ খুব কাছ থেকে নিরস্ত্র আবু সাঈদকে গুলি করে হত্যা করেছে, কিন্তু পুলিশ বাদী হয়ে রংপুরের তাজহাট থানায় যে মামলা দায়ের করেছে, সেখানে আন্দোলনরত শিক্ষার্থীসহ বিরোধী নেতাকর্মীদের অভিযুক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যেসব সদস্য এসব হত্যাকাণ্ডের সাথে জড়িত অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

সংবাদমাধ্যমকে সত্য ঘটনা তুলে ধরার অনুরোধ রেখে খোকন বলেন, “আপনারা সত্য সংবাদ তুলে ধরুন এবং এটা আপনাদের জাতীয় দায়িত্ব। কোনো প্রকার একপেশে সংবাদ পরিবেশন করবেন না।” 

চট্টগ্রামে এক শ্রমিক লীগ নেতা ৪ লাখ টাকার বিনিময়ে গাড়িতে আগুন দিয়েছেন বলে পত্রিকায় আসা খবরের প্রসঙ্গ টেনে আইনজীবী সমিতির এই সভাপতি বলেন, “রাষ্ট্রীয় সম্পদ ও বেসরকারি সম্পদ ধ্বংসকারীদের সত্যিকার পরিচয় উদঘাটন না করা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও আইনজীবীদের গণহারে হয়রানি ও গ্রেপ্তার না করার অনুরোধ জানাচ্ছি। এই কর্মকাণ্ড সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন বলে আমরা মনে করি” 

কোটার বিষয়টা সরকার দীর্ঘায়িত করেছে অভিযোগ তুলে তিনি বলেন, “এমনটা না হলে এত লোক মারা যেত না বলে আমি মনে করি।”

সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য সৈয়দ ফজলে ইলাহি অভি ও ফাতেমা আক্তার।

বেলা আড়াইটার দিকে তার সংবাদ সম্মেলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মিলনায়তনে আসেন সাধারণ সম্পাদক শাহ মঞ্জুরুল হকসহ বারের অন্য সদস্যরা। 

শাহ মঞ্জুরুল হক মিলনায়তনে উপস্থিত হয়ে কোটাসংক্রান্ত আপিল বিভাগের রায় ঘিরে উদ্ভূত পরিস্থিতির জন্য বিএনপি ও জামায়াতে ইসলামীকে দায়ী করেন। একইসঙ্গে তিনি মাহবুব উদ্দিন খোকনের সংবাদ সম্মেলনকে আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন নয় বলে দাবি করেন। 

কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে মঞ্জুরুল হক বলেন, “কোনো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে না। আপনারা সবকিছু জানতে পারবেন; আমি নিশ্চিত আপনারা সবকিছু জানতে পারবেন।”  

চট্টগ্রামের শ্রমিক লীগ নেতা টাকা নিয়ে গাড়িতে আগুন দিয়েছেন বলে যে খবর বেরিয়েছে, সে সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে মঞ্জুরুল হক বলেন, “উনি আদৌ শ্রমিক লীগের নেতা কিনা দেখতে হবে। আর যদি একজন নেতা এটা করে থাকেন, এ কজনের জন্য গোটা শ্রমিক লীগ দায়ী হবে না।”

কোটা সংস্কারের দাবি সরকারের পক্ষ থেকে বিলম্বিত করার যে অভিযোগ মাহবুব উদ্দিন খোকন তুলেছেন, সে বিষয়ে বার সম্পাদক বলেন, “সরকারের তরফ থেকে বিলম্বের প্রশ্ন নেই। বরঞ্চ তারা চক্রান্তের মাধ্যমে শিক্ষার্থীদের মাঠে নামিয়েছে। এই জিনিসগুলো ভুল বুঝিয়েছে এবং সরকার যতগুলো পদক্ষেপ নিয়েছে, ততগুলি পদক্ষেপের সাথে আরেকটা দাবি জুড়ে দিয়েছে। যখন বিষয়টি মীমাংসিত হয়েছে, তখন তারা ‘প্রলয়’ করেছে।”

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী আইনজীবী পরিষদ নেতা ইউসুফ হোসেন হুমায়ূন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ নূরুল হুদা আনসারী, দুই সহ-সম্পাদক হুমায়ূন কবীর ও হুমায়ন কবির পল্লব উপস্থিত ছিলেন। 

জুলাইয়ের শুরু থেকে কোটা সংস্কার চেয়ে আন্দোলনে নামে শিক্ষিত তরুণ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে সারা দেশে সমন্বয় করে কর্মসূচি দেওয়ার এক পর্যায়ে ১৫ জুলাই আন্দোলনের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকার দলীয় বিভিন্ন সংগঠনের সংঘর্ষে শেষপর্যন্ত প্রায় দুইশ মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে বহু মানুষ।

সহিংস পরিস্থিতি প্রাণঘাতী হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে আসে কারফিউ, মাঠে নামে সেনাবাহিনী। এই সহিংসতা, অগ্নিসন্ত্রাস ও প্রাণহানির জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করছেন, এটি ছিল সরকার পতনের ষড়যন্ত্র।

তবে বিএনপি নেতারা এই অভিযোগ প্রত্যাখ্যান করে হতাহতের আন্তর্জাতিক তদন্ত দাবি করছেন।