Published : 01 Sep 2025, 12:08 AM
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে গঠিত কমিশনের মেয়াদ ও প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়েছে সরকার।
কমিশন এজন্য ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবে বলে রোববার এ বিষয়ক প্রজ্ঞাপনে বলা হয়েছে।
রাজধানীর উত্তরায় ২১ জুলাইয়ের এ দুর্ঘটনার ছয় দিন পর ২৭ জুলাই নয় সদস্যের এ তদন্ত কমিশন গঠন করা হয়। কমিশনকে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।
সাবেক সচিব এ কে এম জাফর উল্লাহ খানকে প্রধান করে গঠিত এ কমিশনকে বিমান বিধ্বস্তের ঘটনার কারণ, দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে দায়িত্ব দেয় সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়, এটি ২৪ আগস্ট থেকে কার্যকর হবে।
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষকসহ বেশ কয়েকজন শিশু শিক্ষার্থী প্রাণ হারান।
কমিশনের অন্য সদস্যরা হলেন- সাবেক সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এম সাঈদ হোসাইন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আশিকুর রহমান এবং আইনজীবী আশরাফ আলি।