১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৪ দিনের সফরে সিঙ্গাপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও জনশক্তি বিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

৪ দিনের সফরে সিঙ্গাপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 08:07 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

বিএনপির সরকার গঠনের পর প্রথম উচ্চপর্যায়ের সফরে সিঙ্গাপুরে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

চার দিনের সফরে রোববার সকালে তার সিঙ্গাপুর যাওয়ার তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সফরকালে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন আবদুল রহিম এবং জনশক্তি বিষয়ক প্রতিমন্ত্রী দীনেশ ভাসু দাশের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় বন্দর ব্যবস্থাপনা কোম্পানি পিএসএ ইন্টারন্যাশনাল এবং সেদেশের অন্যতম আধুনিক বর্জ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টুয়াসওয়ান পরিদর্শন করবেন।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ প্রদান অনুষ্ঠানে শামা ওবায়েদের উপস্থিতির তথ্য দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করেন, যারা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। 

“তাদের এই অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে দৈনিক বণিক বার্তা সিঙ্গাপুরে ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করবে যেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।”

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এটি তার মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সরকারি সিঙ্গাপুর সফর।

“এ সফরের মাধ্যমে বাংলাদেশ-সিঙ্গাপুর দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন গতি লাভ করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, বন্দর ও লজিস্টিকস সহযোগিতা, প্রযুক্তি, জনশক্তি এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।”