Published : 08 Jul 2026, 11:14 PM
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত দেশটিতে গমনেচ্ছু কর্মীদের কারো সঙ্গে কোনো প্রকার যোগাযোগ ও আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
কর্মী পাঠানোর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে কোনো প্রকার মেডিকেল টেস্ট বা এ বাবদ অর্থ লেনদেন থেকে বিরত থাকারও নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।
বুধবার এক বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেছে, আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো এজেন্সি মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের সঙ্গে কোনো বিষয়ে চুক্তিবদ্ধ হতে পারবে না। পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল টেস্ট এবং কোনো প্রকার আর্থিক লেনদেন করা থেকেও রিক্রুটিং এজেন্টদের বিরত থাকতে বলা হয়েছে।
মালয়েশিয়া গমন বা এ সংক্রান্ত যেকোনো বিষয়ে অভিযোগ অথবা তথ্যের জন্য প্রবাসী কল সেন্টারের ১৬১৩৫ (দেশ থেকে) এবং +৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে) নম্বরে যোগাযোগ করা যাবে।
এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মালয়েশিয়া সংক্রান্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মন্ডলের সঙ্গে +০২-৪১০৩০২৪১, ০১৭১৬০৪৮১১৫ নম্বর অথবা [email protected] ইমেইলেও যোগাযোগ করা যাবে।
২০২৪ সালের ১ জুন থেকে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। সেসময় কয়েক হাজার বাংলাদেশি দেশটিতে যেতে পারেননি।
অন্তর্বর্তী সরকারের সময়ে এ শ্রমবাজার চালুর উদ্যোগ নেওয়া হলেও তাতে কোনো লাভ হয়নি। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধই রয়ে গেছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় বসার পর সরকারপ্রধান হিসেবে প্রথম সফরে মালয়েশিয়ায় যান তারেক রহমান। এরপর থেকে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার আলোচনা উঠেছে।