২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বনানী কবরস্থানে শায়িত হলেন শামসুল হুদা

নবম সংসদ নির্বাচনে নেতৃত্ব দেওয়া এ টি এম শামসুল হুদা ৮৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 10:25 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদাকে ঢাকার বনানী করস্থানে দাফন করা হয়েছে।

সোমবার গুলশান সোসাইটি জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

নবম সংসদ নির্বাচনে নেতৃত্ব দেওয়া এ টি এম শামসুল হুদা ৮৩ বছর বয়সে শনিবার সকালে গুলশানের বাসভবনে মারা যান।

ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি সিইসির দায়িত্ব নিয়েছিলেন সাবেক আমলা শামসুল হুদা। কাজ করেছেন ২০১২ সাল পর্যন্ত। কমিশনার হিসেবে তার সঙ্গী হন মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন।

সিইসি হুদার সেসময়ের একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম বলেন, তার আত্মার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সোমবার বিকালে গুলশান সোসাইটি লেক পার্কে মরদেহ রাখা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মাগরিবের পর গুলশান সোসাইটি জামে মসজিদে জানাজা হয়।

তিনি বলেন, জানাজায় তৎকালীন নির্বাচন কমিশনার ও বর্তমানে নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন। জানাজা শেষে বনানী কবরস্থানে সাবেক সিইসিকে দাফন করা হয়।

গুলশান সোসাইটির তিনবারের প্রেসিডেন্ট ছিলেন শামসুল হুদা।