Published : 30 Jul 2026, 08:25 PM
রাজধানীর দক্ষিণখান এলাকায় বাসা থেকে এক যুবকের লাশ উদ্ধার করার তথ্য দিয়েছে পুলিশ।
ওই যুবকের নাম আরমান আহমেদ শাফিন। তিনি দক্ষিণখানে মা-বাবা ও স্ত্রীর সঙ্গে থাকতেন।
শনিবার দুপুরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়ার কথা জানান দক্ষিণখান থানার ওসি তাইফুর রহমান মির্জা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুপুরে খবর পেয়ে লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
"আমরা একটা অপমৃত্যু মামলা নিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।"
পারিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ওসির ধারণা, শাফিন আত্মহত্যা করেছেন।
"তার বাবার সঙ্গে কথা বলে জানতে পেরেছি, পারিবারিক কোনো সমস্যা ছিল।"
পুলিশ বলছে, বাসার লোকজন ডাকাডাকি করেও শাফিনের সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তার ঝুলন্ত লাশ পায়।
শাফিন ঢাকা কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন জানিয়ে ওসি বলেন, "বর্তমানে তিনি কোনো কাজের সঙ্গে ছিলেন কিনা, জানা নেই। তিনি ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি সংগঠনের আহ্বায়ক ছিলেন।"
‘জুলাই যোদ্ধা সংসদ’ নামের ফেইসবুক পেইজের একটি পোস্টে শাফিনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে।
তাতে লেখা রয়েছে, “এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়। পরিকল্পিত হত্যার আশঙ্কা স্পষ্ট।”