Published : 28 Apr 2026, 05:56 PM
আইনশৃঙ্খলাসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে ধরেন তিনি।
মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ হয়েছে। জামায়াতের জ্যেষ্ঠ প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তাতে বলা হয়েছে, ওই সাক্ষাতে বিরোধীদলীয় নেতা দেশের বিভিন্ন স্থানে সরকার দলীয় নেতা-কর্মীদের সহিংসতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য এবং একাধিক স্থানে জামায়াতের সংসদ সদস্য আক্রমণের শিকার হওয়ার ঘটনা তুলে ধরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইয়াবসের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে আরও ছিলেন আরও কয়েকজন।

বৈঠকের শুরুতেই ইভার্স ইয়াবসের বিরোধীদলীয় নেতাকে তার সার্বিক ইতিবাচক ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেস। এসময় ত্রয়োদশন সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের একটি পর্যবেক্ষণ রিপোর্ট শফিকুর রহমানের হাতে তুলে দেওয়া হয়।
সফররত ইইউ মিশন জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও বিরোধীদলীয় নেতার কাছে সর্বশেষ তথ্য জানতে চান।
প্রতিক্রিয়ায় জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট, গণভোটসহ বিভিন্ন বিষয়ে নিজ দলের অবস্থান তুলে ধরেন শফিকুর রহমান।
তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি বিভিন্ন সংস্কারের বিষয়ে একমত হলেও পরবর্তীতে এগুলোর বাস্তবায়ন নিয়ে ‘টালবাহানা করছে’।
“এই পরিস্থিতি অব্যাহত থাকলে রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যাপারে জনগণ আস্থা হারিয়ে ফেলতে পারে।”
এসময় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।