Published : 31 Oct 2025, 07:26 PM
সাভারের আশুলিয়ায় ‘গুলির শব্দ শুনে’ অভিনেতা এ আর মন্টুর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা তার ছেলেসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
অস্ত্র ও মাদক মামলায় তাদের শুক্রবার কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ।
কারাগারে যাওয়া আসামিরা হলেন-অভিনেতা মন্টুর ছেলে মেহেদী হাসান ওরফে মিথুন, তার বন্ধু মাসুমা আক্তার রিয়া, জাহিদুল আলম ও মোজাম্মেল ভূঁইয়া।
সোমবার আসামিদের রিমান্ড শুনানির দিন ধার্য করা হওয়ার তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই বাহাজ উদ্দিন।
তিনি বলেন, অস্ত্র আইনের মামলায় মিথুনের সাত দিন এবং মাদক মামলায় তার তিন সহযোগীর পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই শেখ মো. মাসুদ আল মামুন। তবে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হননি। এজন্য আসামিদের কারাগারে পাঠিয়ে সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে আশুলিয়ার গাজীরচট এলাকার বাড়িতে অভিযান চালিয়ে অভিনেতা এ আর মন্টুর ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে যৌথ বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের দিন গভীর রাতে গাজীরচট এলাকায় ‘কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়’। এ ঘটনায় অভিনেতা এ আর মন্টুর বাড়িতে অভিযান চালানো হয়।
যৌথবাহিনী বলেছে, সেখান থেকে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি পিস্তলের ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ, চারটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি প্রায় সাড়ে তিন হাজার ইয়াবা বড়ি, ৭০০ গ্রাম গাঁজা, চার লিটার দেশীয় মদ ও তিনটি ওয়াকিটকি জব্দ করা হয়।
এ ঘটনায় আশুলিয়া থানা পুলিশ অস্ত্র ও মাদকের দুটি মামলা করেছে। দুই মামলায় মিথুনকে আসামি করা হয়েছে। তবে তার তিন বন্ধু শুধুমাত্র মাদক মামলার আসামি।