১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

তার সফরে ১০৬ কোটি ডলারের জাপানি ঋণের প্রতিশ্রুতি এসেছে।

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শনিবার রাতে জাপান থেকে দেশে ফেরেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান কর্মকর্তারা। ছবি: প্রধান ‍উপদেষ্টার দপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2025, 01:03 AM

Updated : 26 Aug 2026, 12:50 PM

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শনিবার রাত ১২টা ১৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।

এর আগে এদিন বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে তিনি ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট টোকিও থেকে রওনা হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারকে উদ্ধৃত করে বাসস জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।

সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে প্রায় ২০টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যার মধ্যে একটি ছিল জাপানের প্রধানমন্ত্রী শিগেরুর সঙ্গে বৈঠক।

এ সফরে ১০৬ কোটি ডলারের জাপানি ঋণের প্রতিশ্রুতি এসেছে। ছয়টি সমঝোতা স্বারক সই হয়েছে। 

প্রধান উপদেষ্টা গত মঙ্গলবার গভীররাতে জাপানের উদ্দেশে রওনা হয়েছিলেন। পরদিন দুপুরে তিনি টোকিওতে পৌঁছান।

সফরকালে মুহাম্মদ ইউনূস ৩০তম নিক্কেই ফোরামে যোগ দেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেন।

শুক্রবার অনুষ্ঠিত দ্বিপক্ষীয় এ বৈঠকে দুই নেতা চলতি বছরের মধ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জাপানি প্রধানমন্ত্রী বাংলাদেশকে বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নের জন্য ১০৬ কোটি ডলারের ঋণের প্রতিশ্রুতি দেন।

একই দিন প্রধান উপদেষ্টা ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ শীর্ষক অনুষ্ঠানে  বক্তৃতা দেন, যেখানে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতার ক্ষেত্রে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়।

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ ও জাপান দুটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। বাংলাদেশের কর্মশক্তির দক্ষতা বৃদ্ধি এবং জাপানে তাদের কর্মসংস্থান সহজ করার উদ্দেশ্যে এ দুটি সমঝোতা হয়।

ওই অনুষ্ঠানে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনার কথা তুলে ধরেন। একই দিন প্রধান উপদেষ্টা ‘৩০তম নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’তে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন।

অধ্যাপক ইউনূস নিক্কেই ফোরামের পাশাপাশি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশকে আসিয়ানের সদস্যপদ পেতে সমর্থনের আহ্বান জানান।

শুক্রবার সোকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ইউনূসকে সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।