২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

'শিক্ষক-শিক্ষার্থী হাতাহাতি': সরকারি কলেজগুলোতে শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি

কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 04:20 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

ঢাকা কলেজে 'শিক্ষকদের ওপর হামলার' প্রতিবাদে সরকারি কলেজগুলোতে কর্মবিরতি পালন করেছেন শিক্ষক পদে নিয়োজিত শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। 

পাশাপাশি কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

মোহাম্মদপুর সরকারি কলেজে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন বলে সেখানে ক্লাস হচ্ছে না বলে জানিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক হাফসা বেগম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা কলেজে গতকালের ন্যাক্কারজনক ঘটনায় আমরা মর্মাহত। তাই দিনব্যাপী কর্মবিরতি পালন করছি।"

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতিতে ইডেন মহিলা কলেজেও কোনো ক্লাস পরীক্ষা হয়নি। ক্লাস বন্ধ ছিল ঢাকা কলেজেও। 

মিরপুর বাঙলা কলেজ, কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ, চট্টগ্রামের সরকারি সিটি কলেজ, শেরপুর সরকারি কলেজ, জয়পুরহাট সরকারি কলেজ, কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজসহ দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। 

শিক্ষকদের এই কর্মসূচির জেরে মঙ্গলবারের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের এবং সব প্রফেশনাল কোর্সের পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এর আগে সোমবার কর্মবিরতির ঘোষণা আসে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।

ঢাকা কলেজের শিক্ষকদের ওপর হামলার অভিযোগে দেশের সরকারি কলেজে অবস্থান কর্মসূচির ডাক দেয় শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সংগঠনটি।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সোমবার সকালে যখন সাত কলেজের শিক্ষার্থীরা পদযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ঢাকা কলেজে ‘শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির’ খবর আসে।

সেখানে এক শিক্ষার্থীকে শিক্ষকরা কমনরুমে আটকে রাখলে সহপাঠীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তাকে ছাড়িয়ে আনেন। শিক্ষার্থীরা দাবি করছেন, শিক্ষকরা তাদের দুই সহপাঠীকে 'পিটিয়ে আহত করেছেন'। 

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় শিক্ষা ক্যাডার কর্মকর্তারা সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দোষারোপ করছেন।