১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নভেম্বরে ১৩ শ আইন কর্মকর্তা নিয়োগ

এসব জেলায় আগে নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিল করে তাদের নিজ নিজ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2024, 11:52 AM

Updated : 26 Aug 2026, 10:55 AM

দেশের ২৫ জেলার বিভিন্ন আদালতে আরো ১২৯৯ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তার দায়িত্বে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 

তাদের মধ্যে সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর রয়েছেন।

এর বাইরে আরও ২০ জন আইনজীবীকে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় স্পেশাল পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ‘সংস্কারের অংশ হিসাবে’ চলতি নভেম্বর মাসের ৩ থেকে ১৩ তারিখের মধ্যে তাদের নিয়োগ দেওয়ার কথা বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় থেকে জানানো হয়।

২৫ জেলার মধ্যে মুন্সিগঞ্জে ৩০ জন, লক্ষ্মীপুরে ৪১ জন, ফেনীতে ৪৭ জন, নওগাঁয় ৬২ জন, নোয়াখালীতে ৭৫ জন, মানিকগঞ্জে ৪৮ জন, নরসিংদীতে ৬১ জন, টাঙ্গাইলে ১৫১ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৬ জন, গাজীপুরে ৭১ জন, মাগুরায় ৩১ জন, নড়াইলে ১৪ জন, চুয়াডাঙ্গায় ৩৩ জন, গোপালগঞ্জে ১৮ জন, কুষ্টিয়ায় ৫৫ জন, হবিগঞ্জে ৩৮ জন, বরগুনায় ৪১ জন, বান্দরবানে ৯ জন আইন কর্মকর্তা নিয়োগ পেয়েছেন। 

আর রাঙামাটিতে ৭ জন, রাজশাহীতে ১২৪ জন, চাঁদপুরে ৫২ জন, পটুয়াখালীতে ৭৮ জন, গাইবান্ধায় ৪৫ জন, জামালপুরে ৬৪ জন ও পাবনায় ৭৮ জনকে জেলা ও দায়রা জজ ও এর অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৩, ১০, ও ১৩ নভেম্বরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত পৃথক নিয়োগাদেশ জারি করা হয়।

সেই সঙ্গে আগে নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিল করে তাদের নিজ নিজ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।